বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে তিনি এ তথ্য জানান।
জিবরিল রাজৌব জানিয়েছেন, বিশ্বকাপের আয়োজক এ দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় তিনি যেতে পেরেছেন। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাজৌব।
এএফপিকে টেলিফোনে রাজৌব বলেন, ‘আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।’
বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।’
Responses