দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রশ্ন উঠেছে, প্রায় এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা এবং প্রায় তিন বছর জাতীয় দলের হয়ে না খেলা নেইমারকে কতক্ষণ খেলানো হবে?
‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও এখনও নকআউট পর্ব নিশ্চিত হয়নি, তবুও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তুলনামূলক স্বস্তির অবস্থায় রয়েছে সেলেসাওরা। আর এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে নেইমারের প্রত্যাবর্তন।
নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন,
“নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।”
নেইমার সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণেই দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের এই তারকা।
পুরো ৯০ মিনিট খেলতে পারবেন নেইমার?
নেইমারকে কতক্ষণ মাঠে দেখা যাবে, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আনচেলত্তি। তবে তার কথায় স্পষ্ট, শারীরিকভাবে পুরো ম্যাচ খেলার সক্ষমতা রয়েছে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীর।
“সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।”
এর ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নেইমারকে একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।
দীর্ঘ অপেক্ষার অবসান
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার।
ব্রাজিল সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর। এখন দেখার বিষয়, প্রত্যাবর্তনের ম্যাচে নেইমার কতটা প্রভাব ফেলতে পারেন এবং ব্রাজিলকে জয়ের পথে এগিয়ে নিতে পারেন কি না।
Responses